ভোলার মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী। বিদ্যুৎ সংকটে ব্যবসা-বাণিজ্যে লোকসান হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ডাকবাংলো মোড় এলাকায় উপজেলা ওজোপাডিকো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও গত কয়েক মাস ধরে ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে তাদের ব্যবসায় ব্যাপক লোকসান হচ্ছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।
হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, বিদ্যুতের অভাবে ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়েই তাঁরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
উপজেলা আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলাম বলেন, তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটর সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









