পটুয়াখালীর বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডালিয়া বেগম তার বোন ময়না বেগমকে গালাগাল করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী ও মামাতো বোন তাসলিমা বেগম ডালিয়া বেগমের ওপর লোহার পাইপ দিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে গেলে পাইপের আঘাতে ময়না বেগমের হাত ফ্র্যাকচার হয়।
পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার জানিয়েছেন , আহত অবস্থায় তিনজন হাসপাতালে এলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









