লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। সীমান্ত পেরিয়ে প্রায় চার কিলোমিটার ভেতরে আসার পর স্থানীয়দের খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৪-এর উপপিলার ৪ ও ৫-এর কাছাকাছি এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে। ধনেশ্বর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা। তার বাবা রমেশ্বর বর্মণ এবং মা শেকেরী বালা বর্মণ।
স্থানীয় সূত্রের দাবি, ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে ধনেশ্বরকে মারধর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেন। পরে তিনি হেঁটে পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় পৌঁছান। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণ দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনা তিনি শুনেছেন। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সীমান্তের কোন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা স্পষ্ট করে বলতে পারছেন না। তবে প্রাথমিকভাবে তাকে ভারতীয় নাগরিক বলে মনে হচ্ছে। তিনি থানা হেফাজতে থাকায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএসএফের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়নি; পরে করা হবে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধনেশ্বর নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়েছেন। বিজিবির সঙ্গেও পুলিশের কথা হয়েছে। শূন্যরেখায় তাকে পাওয়া যায়নি বলে বিজিবি আইনগত ব্যবস্থা নিতে বলেছে। তার পরিচয় যাচাই এবং ভারতে থাকা স্বজন বা যোগাযোগের সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ধনেশ্বর ভারতীয় নাগরিক হলে এবং তার কাছে বৈধ পাসপোর্ট না থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








