পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও যানজট নিরসনে সুনামগঞ্জের দিরাই বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট, ত্রিপাল, বাঁশের কাঠামো, বিলবোর্ডসহ অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। সরকারি জায়গা ও ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণের দায়ে বাউসী স্টোর নামের একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই এ উদ্যোগ। জনস্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








