শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামে ১৩ মাসের এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্বজনেরা কবরস্থানে গিয়ে দেখেন, শিশুটির কবর খোঁড়া এবং ভেতরে মরদেহ নেই। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
ফাহিমা স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। ২৩ অক্টোবর পানিতে পড়ে তার মৃত্যু হলে ওই কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটির মা শাহাজান বেগম বলেন, মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই কবর থেকে মরদেহ উধাও হয়েছে। সোমবার সন্ধ্যাতেও কবরের পাশে হুজুর দিয়ে দোয়া করিয়েছেন। তিনি মেয়ের মরদেহ ফেরত চান।
স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেনের ধারণা, কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে। তিনি জানান, দুই বছরে একই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সেগুলোরও সন্ধান মেলেনি।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী বলেন, তিনি ঢাকায় আছেন। ঘটনাটি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








