ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের দায়ে ইমাম হোসেন (৫৩) ও মীর এনামুল হক (৪২) নামের দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেনের বিরুদ্ধে আগে থেকেই মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডের পর তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফনি ভূষণ রায় সঙ্গীয় সদস্যদের নিয়ে ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মাদক সেবনের আলামত পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, বাড়িতে তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি। তবে ইয়াবা ট্যাবলেটের গুঁড়া ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। দুজনই মাদক সেবন করছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








