আবারও হুমকির মুখে অমিতাভ বচ্চন। গত কয়েকদিনে একের পরে এক হুমকি পাচ্ছেন তিনি।
এবার তাকে নিশানা করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখ্স ফর জাস্টিস’ (এসএফজে)। সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পন্নুন মুম্বাইয়ে অমিতাভের বাড়ি ‘জলসা’র সামনে জমায়েতের ডাক দিয়েছেন।
আগামী ১৯ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে ওই জমায়েত করার ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পন্নুনের জানান, অমিতাভের বাড়ির সামনে ‘খলিস্তান জলসা’র আয়োজন করতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার স্মৃতি উস্কে দিয়ে মুম্বাইয়ের শিখ সম্প্রদায়ের সদস্যদের এই জমায়েতে যোগ দেওয়ার ডাক দিয়েছেন গুরপতবন্ত সিং পন্নুন।
বলিউডের বর্ষীয়ান অভিনেতার উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন পন্নুন। সেখানে তার মন্তব্য, “বেঁচে গেলেন, না কি ফেঁসে গেলেন?” পাশাপাশি তাদের দাবি, ১৯৮৪ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে কিছু মন্তব্যের দায় নিতে হবে অমিতাভকে।
অভিযোগ উঠেছিল, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে অমিতাভ উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। যদিও অভিনেতা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। পন্নুন ও তার সংগঠন অতীতেও একাধিকবার এই অভিযোগ তুলেছেন অমিতাভের বিরুদ্ধে।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করেন গায়ক দিলজীত দোসাঞ্ঝ। তার পরেই পুরনো বিতর্ক নতুন করে উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।
এর মধ্যেই অমিতাভ ও তার ছেলে অভিষেক বচ্চনের উদ্দেশে একটি হুমকি এসেছে। তারকা পিতা-পুত্রকে খুনের হুমকি দিয়েছেন গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ।
অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে তার দাবি, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








