রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় পাগলাপীর-জলঢাকা সড়কে আরএফএল কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮ নম্বরের একটি বালুবাহী ট্রাক জলঢাকার দিক থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকার। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত রাধা রানী সরকারের স্বামী দুলাল সরকার এবং অঞ্জনা রানী সরকারের স্বামী দ্বিজেন্দ্র নাথ সরকার। তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকায়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









