বিতর্কিত ও শাস্তিপাওয়া কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সঙ্গে অবিলম্বে তার অপসারণ এবং একজন সৎ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে নিয়োগের দাবি জানানো হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ডা. এস এম মনিরুজ্জামান শাহিনকে সিভিল সার্জন হিসেবে পদায়ন করার সিদ্ধান্ত বরিশালবাসী মেনে নেবে না। পরবর্তীতে শিক্ষার্থীরা জানতে পারেন, পদায়নের শেষ দিন হলেও ওই কর্মকর্তা কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।
অবস্থান কর্মসূচিতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, যার বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ উঠেছে এবং যিনি ইতিপূর্বে শাস্তি পেয়েছেন, তাকে বরিশালের মতো একটি গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য খাতের শীর্ষ পদে বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা স্বাস্থ্য বিভাগে একজন সৎ ও প্রশাসনিকভাবে যোগ্য কর্মকর্তা চাই।
একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী লাবণ্য আক্তার যোগ করেন, বরিশালের সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। জনস্বার্থেই এই আন্দোলন চলছে। বিতর্কিত এ কর্মকর্তাকে দ্রুত সরিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন সিভিল সার্জন পদায়ন করতে হবে।
শিক্ষার্থীদের ওপর পূর্বের নির্যাতনের অভিযোগ তুলে ধরে আন্দোলনে অংশ নেওয়া নাঈম ইসলাম নামে অপর এক শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি শিক্ষার্থীদের ওপর চরম জুলুম-নির্যাতন চালিয়েছেন। এ রকম দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত কোনো কর্মকর্তাকে বরিশালের মাটিতে বরদাস্ত করা হবে না।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, অনতিবিলম্বে এ পদে কোনো যোগ্য ও স্বনামধন্য কর্মকর্তাকে পদায়ন না করা হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









