চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় প্রতিরোধে জেলার সর্বস্তরের নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুশা।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগান দিয়ে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি। এ জন্য প্রত্যেককে নিজ নিজ ঘরবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও পানির পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।
সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গুমুক্ত করার আহ্বান জানান জেলা প্রশাসক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









