বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে বগুড়া সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ জুলাই বগুড়া সদরের এরুলিয়া এলাকা থেকে খোরশেদ আলম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী সদর থানায় একটি মামলা দায়ের করলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক (এসআই) আনিসকে।
তদন্তের ধারাবাহিকতায় পুলিশ প্রথমে একজন আসামিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোরশেদ আলমের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই আসামির স্বীকারোক্তি ও সূত্র ধরে চোর চক্রের আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরও ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কেউ সরাসরি মোটরসাইকেল চুরির সাথে জড়িত, আবার কেউ চোরাই বাইক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত।
গ্রেফতারকৃতরা হলেন— লাল মিয়া (২৪), মাসুম (২৬), লিটন (২২), রিফাত (২১), মিলন (২৫), মোহাম্মদ আলী (৩২) এবং সানজিদ (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









