কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে স্বজনদের অভিযোগ, মারধরের পর গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে।
গত বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাফিয়া আক্তার একই ইউনিয়নের মিটাছড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় সাফিয়া আক্তারকে প্রতিবেশীরা শাপলাপুর এলাকার এক পল্লী চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা মরদেহ ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোলতানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই চিকিৎসকের চেম্বার থেকে সাফিয়ার মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজন তারেক রহমান অভিযোগ করে বলেন, "এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।" তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালিয়ে সাফিয়ার স্বামী বা শ্বশুরবাড়ির কোনো সদস্যকে পাওয়া যায়নি, তারা সবাই পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আব্দুস সোলতান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









