সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “গণতন্ত্রকে সুসংহত করতে হলে সবাইকে গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। কোনোভাবেই স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “জনগণ যাকে যোগ্য মনে করেছে, তাকেই ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে এবং জনগণের রায়কে সম্মান জানাতে হবে। একটু ধৈর্য ধরুন, সিদ্ধান্ত জনগণকেই নিতে দিন। কেউ যেন অস্থিতিশীলতা সৃষ্টি বা সরকারকে টেনে নামানোর অপচেষ্টা না করে।”
শুক্রবার (৩১ জুলাই) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “গত ১৭ বছরের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। গণতন্ত্র টিকে থাকলে দেশের মানুষ ভালো থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে কাজ করছে।”
এর আগে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।
পরে তিনি ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, স্থানীয়রা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









