পটুয়াখালীর বাউফল উপজেলার হাজিরহাট এলাকার মাদক কারবারী, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আজাহার উদ্দিন খান-এর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের আয়োজনে হাজিরহাট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার পাঁচ শতাধিক মানুষ।
এ সময় বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রেজা, ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, হাজিরহাট বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিক শিকদার, সাধারণ সম্পাদক মাহবুল আলম বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আজহার উদ্দিন ও তার ছেলে ছাত্রলীগের সমর্থক রাজু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। মাদক ব্যবসার মাধ্যমে তারা এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এছাড়া হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ফেলে এলাকার বিভিন্ন লোকজনকে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
পুলিশ তাদের গ্রেপ্তার করলেও অদৃশ্য ক্ষমতা বলে জেল থেকে বেরিয়ে আসছে তারা। এসব মাদক কারবারি, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও হানি ট্র্যাপ চক্রের হোতাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে ঝাড়ুহাতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি হাজিরহাট থেকে শুরু হয়ে কাশিপুর বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









