বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাদ্রাসার নির্মাণাধীন সেফটিক ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১লা আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেফটিক ট্যাঙ্ক নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেফটিক ট্যাংকির দেয়ালের নির্মাণকাজ চলাকালে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন ঐ দেয়ালের নিচে চাপা পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে শ্রমিক আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।
নিহত আতিয়ার রহমান যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাদামাটির চাপে সেফটিক ট্যাংকির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। তবে দেয়াল ধসের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি করছেন তারা।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









