দেশব্যাপী কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের নৈরাজ্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলার সোনাপুরে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি সোনাপুর কলেজ গেইট থেকে শুরু হয়ে সোনাপুর জিরোপয়েন্ট পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান আনাস, সদস্য সচিব আশরাফুল করিম পাভেল, সিনিয়র যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন হৃদয়, জেলা ছাত্রদলের সদস্য মো. হেলাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন জিহাদ,আবদুস সামাদ অপু ও আজিম বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবির পরিকল্পিতভাবে মব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। একই সঙ্গে তারা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তারা আরও বলেন, ধারাবাহিকভাবে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য খুব উদ্বেগের।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রশিবির যদি তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য বন্ধ না করে, তাহলে ছাত্রদল রাজপথে থেকেই তা প্রতিহত করবে। একই সঙ্গে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









