‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প এলাকায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদিবাসী মুন্ডা কমিউনিটির প্রধান (মোড়ল) নীলকান্ত মুন্ডা।
বক্তব্যে তিনে বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি বিশেষভাবে নারী ও প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীদের উন্নয়নে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
কৌশল্য মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। অপু চৌকিদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলা মুন্ডা ও স্থানীয় আদিবাসীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী এখনও নানা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
স্থানীয় আদিবাসী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানে আদিবাসীদের অধিকার ও পরিচয় রক্ষার বার্তা তুলে ধরা হয় যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









