নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি প্রকল্পের প্রধান নিষ্কাশন খালের পাড় দখলের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির লোকজনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অভিযান চালানোর পরপরই খালের পাড়ের একটি অংশ বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার হাজী আহসান উল্ল্যাহ সুপার মার্কেট ও কাসসাফ শপিং সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, নাসিকের উচ্ছেদ অভিযানের পর খালের পাড়ের জায়গাটি খালি হওয়ার সুযোগে কয়েকজন সেখানে বাঁশের বেড়া দিয়ে সীমানা তৈরির চেষ্টা করছেন। একই সঙ্গে ওই জায়গা হকারদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার বলেন, আমরা গরিব মানুষ। দীর্ঘদিন ধরে এখানে ছোট ছোট দোকান করে জীবিকা নির্বাহ করছি। মঙ্গলবার সকালে রবি সাহেবের লোকজন এসে বাঁশের বেড়া দিয়ে জায়গাটি ঘেরাও করার চেষ্টা করেন। তারা আমাদের রবি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
স্থানীয়দের প্রশ্ন, ডিএনডির প্রধান নিষ্কাশন খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে যেখানে দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, সেখানে উচ্ছেদের পরপরই কীভাবে আবার খালের পাড় ঘেরাও করা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। তিনি বলেন, অবৈধ দখল ঠেকাতে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে। এখানে যেন হকাররা পুনরায় বসতে না পারে, এজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের বলেন, ডিএনডি খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালের পাড়ে নতুন করে কোনো দখল বা অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









