বরিশালের উজিরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার ধামুরা বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখার পাশাপাশি মূল্যতালিকা না থাকায় মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে আপন কসমেটিকসকে আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর একটি দল সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও বাণিজ্যিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









