বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সদ্য নির্মিত ‘আবেদ আলী শাহ সড়ক’ কেটে অবৈধভাবে ড্রেজারের পাইপ বসানোর অপরাধে কঠোর অবস্থান নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সরজমিন পরিদর্শনে গিয়ে তিনি ড্রেজারের পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
সিটি করপোরেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ‘আবেদ আলী শাহ সড়ক’ এর ভেতর দিয়ে কয়েকজন ড্রেজারের পাইপ ঢুকিয়ে অবৈধভাবে বালু পরিবহন করছে, এমন খবর পেয়ে বিকেল সাড়ে ৪টায় সরজমিন পরিদর্শনে যান বিসিসি প্রশাসক। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, সদ্য নির্মিত সড়কটির স্থায়ীত্ব ও স্থায়িত্বশীল মানকে তোয়াক্কা না করে পাইপ বসানো হয়েছে, যা নতুন রাস্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
ঘটনার আকস্মিকতা ও অনিয়ম দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিসিসি প্রশাসক। তিনি উপস্থিত কর্মকর্তাদের তৎক্ষণাৎ অবৈধ ড্রেজার পাইপটি ভেঙে অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা ও সুনির্দিষ্ট আইন লঙ্ঘনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর মামলা দায়েরের নির্দেশনা দেন।
প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘‘নগরবাসীর বহুল প্রতীক্ষিত ও টাকা ব্যয়ে নির্মিত সরকারি সম্পদ এভাবে নষ্ট করার কোনো সুযোগ নেই। সড়ক কেটে ড্রেজারের পাইপ বসানো সম্পূর্ণ অবৈধ এবং এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরীর প্রতিটি উন্নয়নকাজের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সরকারি সম্পদের ক্ষতিসাধনকারী যে-ই হোক, তার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অনিয়মের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’’
তিনি আরও বলেন, ‘‘ভবিষ্যতে কেউ যেন এমন দুঃসাহস দেখাতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









