কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানা পবন ও রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষ্যে তারা এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ আগস্ট উপলক্ষ্যে পবন ও রতনের নেতৃত্বে নেতাকর্মীরা খিচুড়ি রান্নাসহ গোপন বৈঠকের আয়োজন করছিল। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের সক্রিয় নেতা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









