অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকারি নিয়ন্ত্রণে আনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ও জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওষুধ মানুষের জীবনরক্ষার মৌলিক উপাদান। তাই এটিকে অবাধ মুনাফার ওপর ছেড়ে দেওয়া যায় না। সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার পাশাপাশি বাজারে ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি।
দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধানে আরও গুরুত্ব দেওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়াতে হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সমালোচনা করে তিনি বলেন, নামমাত্র শুল্কছাড়ের বিনিময়ে করা এ চুক্তি দেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থকে ঝুঁকিতে ফেলেছে। শুল্কমুক্ত সুবিধার কারণে সরকার রাজস্ব হারাবে এবং সস্তা মার্কিন পণ্যের চাপের মুখে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সংসদে আলোচনার মাধ্যমে চুক্তিটি সংশোধনের দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের বরিশাল জেলার সহ-নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন মারুফ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, দপ্তর সম্পাদক হাছিব আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন।
কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব। এ সময় গণসংহতি আন্দোলনের জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









