ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লঙ্কারচর এলাকার সৈকত চন্দ্র (২৬) ও একই গ্রামের নাসির মোল্যা (৩৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মোবাইল ফোনের মাধ্যমে নাসির মোল্যার সঙ্গে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি রাতে দেখা করার কথা বলে তাকে জীবন মণ্ডলের বাগানের কাছে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা আসামিরা তাকে জোর করে ধরে মধুমতি নদীর তীরে একটি নৌকায় নিয়ে যায়।
পরে নদীর চরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ ও ছবি তোলার অভিযোগও রয়েছে। অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে তাকে নদীর পাড়ে এনে বাড়ির কাছে ফেলে রেখে যায় আসামিরা।
পরদিন ভুক্তভোগীর পরিবার বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কমাতে এবং অপরাধীদের মধ্যে ভয় সৃষ্টি করতে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









