পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নগদ ২ লাখ টাকা, ৫০ মণ পেঁয়াজ, ৮ মণ পাটসহ বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ আবু বক্কর প্রামাণিক (৮০) হরিনারায়ণপুর গ্রামের মৃত মহিরুদ্দিন প্রামাণিকের ছেলে।
আবু বক্কর প্রামাণিকের অভিযোগ, প্রতিবেশী মৃত রাজ্জাকের ছেলে শাকিল ও মৃত আজিজুল শেখের ছেলে ইকবালসহ ৮ থেকে ১০ জনের একটি দল রাতের আঁধারে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তিনি দাবি করেন, ইকবাল নিজেকে ছাত্র হত্যা মামলার আসামি আবু সাঈদ চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন।
আবু বক্কর আরো অভিযোগ করেন, এর আগেও তাদের বাড়ি থেকে গরু-বাছুর ও নগদ টাকা লুট করে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার এক ছেলে গত ২০ বছর ধরে বাড়িতে আসতে পারেন না। বাড়িতে ফিরলে তাকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় তিনি দেশে ফিরছেন না। এর আগে তার ছেলেকে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন আবু বক্কর।
ভুক্তভোগীর পুত্রবধূ হুলিয়া খাতুন (৩৫) জানান, দুই দিন আগে তার স্বামী বিদেশ থেকে নগদ ২ লাখ টাকা পাঠিয়েছিলেন। আগুনে সেই টাকা ছাড়াও ৫০ মণ পেঁয়াজ ও ৮ মণ পাট পুড়ে যায়। ঘটনার সময় তারা বাড়িতেই ছিলেন।
তিনি বলেন, আগুন লাগার পর পাড়া-প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির মালামালসহ বিপুল সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আবু বক্কর প্রামাণিক জানান, আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে মামলা করতে কিছুটা সময় লাগছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইকবাল ও অন্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
খবর পেয়ে ডিএসবি পাবনার এসআই হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি সত্য। তবে কে বা কারা আগুন দিয়েছে, সেটি তদন্ত করে দেখা প্রয়োজন। পুলিশের তদন্তের পরই আগুন দেওয়ার ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









