ময়মনসিংহে পোষা বিড়াল মারা যাওয়াকে কেন্দ্র করে এক পশু চিকিৎসককে মারধর ও জুতা পেটার ঘটনায় প্রধান অভিযুক্ত আফরিন রশিদ সেজুতিকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) জেলা শহরের আকুয়া এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে "পোষা বিড়াল মারা যাওয়ায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা" শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে এক তরুণীকে চিকিৎসকের ওপর চড়াও হতে এবং হামলা চালাতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ তদন্তে নামে।
তথ্যপ্রযুক্তি ও স্থানীয় অনুসন্ধানের মাধ্যমে পুলিশ হামলার সঙ্গে সরাসরি জড়িত সেজুতিকে শনাক্ত করে। সে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার ডাঃ হারুন অর রশিদের মেয়ে। পরবর্তীতে আকুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনায় আহত পশু চিকিৎসক ডাঃ মোঃ আশিকুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো: আব্দুল্লাহ আল মামুন জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









