পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় ওই পরিবারের ৩ সদস্য, ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তার স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তারা দীর্ঘ সময় অচেতন ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ট্রাংকের তালা খুলে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।
প্রতিবেশীরা জানান, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পরিবারের তিন সদস্যকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের জাগানোর চেষ্টা করা হয় কিন্তু ওই সময় তারা ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা দেওয়া তথ্যমতে, ঘরে প্রবেশের পর তারা ট্রাংকের তালা খোলা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, ট্রাংকে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুল ছিল। খোঁজ করে এসব মালামাল পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ফিরোজ মল্লিক বলেন, ‘‘খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে পরিবারের তিন সদস্যকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তখনও তাদের পুরোপুরি জ্ঞান ফেরেনি।’’
হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, “রাত ৮টার দিকে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৯টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না।”
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমির হোসেনের বড় ছেলে মিরাজ জানান, সকালে গ্রামের প্রতিবেশীদের ফোনে ঘটনাটি জানতে পারেন। বর্তমানে তার বাবা, মা ও ছোট ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা ও মায়ের স্বর্ণের কানের দুলসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









