তীব্র গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবো এলাকায় আম্বার বোর্ড মিলসের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা এবং স্টাফদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নামলে কারখানা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। এর মধ্যে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার কারণ দেখিয়ে হঠাৎ কারখানার সব সেকশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করায় তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে। পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত মেনে নেবেন না বলে জানান তারা।
রবিবার সকালে শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানায় প্রবেশের চেষ্টা করলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় কারখানার কয়েকজন স্টাফ শ্রমিকদের মারধর করেন বলেও অভিযোগ ওঠে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি তাদের।
শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কারখানার উৎপাদন কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে বন্ধের সময় তাদের পাওনা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করারও দাবি করেন তারা।
শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে কারখানা এলাকায় উত্তেজনা দেখা দিলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এ বিষয়ে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী ২৩ আগস্ট থেকে কারখানার সব সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আন্দোলন প্রসঙ্গে বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ পাওনা পরিশোধ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









