দুই বছর পর আবারও ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় নৌকা বাইচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ঝাঁকঝমকপূর্ন ভাবে নৌকা বাইচ করতে সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে ২০২৪ এবং ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নৌকা বাইচ হয়নি।
নৌকা বাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, জেলা জামায়াত ইসলামীর আমীর মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম শাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, আল-আমিন শাহিন, নৌকা বাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে বাইচ আয়োজনে উস্কানিমূলক কোন কিছু করা যাবেনা। বাইচ উপভোগকারীরা তাদের নৌকায় সাউন্ড সিস্টেম চালাতে পারবেনা। বাদ্যযন্ত্র চালিয়ে নাচানাচিও করতে পারবে না।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আমরা সকলের সহযোগিতায় শান্তিপূর্নভাবে ও আনন্দমুখর পরিবেশে এই বাইচ আয়োজন করতে চাই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









