যশোর শহরের বহুল আলোচিত আব্দুর রহমান কাকন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মো. সানিকে (২৬) গ্রেপ্তার করেছে জেলা অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। গত মঙ্গলবার দিবাগত রাতে উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সানি শহরের বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় চাতাল সংলগ্ন এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে।
সিআইডি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানের ভেতরে আব্দুর রহমান কাকনকে মারধর করা হয়। একপর্যায়ে তার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কাকনের মা সুফিয়া বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি ২০২১ সালের ১৮ নভেম্বর কোতয়ালী মডেল থানায় ৫২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলার তদন্তভার সিআইডি গ্রহণের পর ২০২১ সালের ২৫ নভেম্বর শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে জিতু জানায়, সানি, শফি ও সাদ্দাম মোল্লাসহ তারা কাকনকে ছুরিকাঘাত করে হত্যা করে। ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে মামলার ঘটনার সঙ্গে সানির সরাসরি সম্পৃক্ততার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর সানির অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির ফরওয়ার্ডিং প্রতিবেদনে আরও বলা হয়েছে, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তার পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার সানিকে ২৫ আগস্ট যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলী আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ ইন্সপেক্টর (নিঃ) সেলিম রেজা তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









