সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিন চালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে গোয়াইনঘাট থানার এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়,গোয়াইনঘাট থানার পুলিশের একটি দল বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চার ব্যক্তি নৌকাযোগে ভারতীয় অবৈধ জিরা নিয়ে বাংলাবাজার থেকে সিলেটের দিকে রওনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সরকারি স্পিডবোট নিয়ে ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা এবং ২৫ ঘোড়ার ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট লম্বা একটি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ও সফল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও নৌকা জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের পরিচয় সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









