গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ভেসে উঠল বায়েজিদ মিয়ার নিথর দেহ। বায়েজিদ চরবাঘুয়া গ্রামের মিজান মিয়ার ছেলে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চরবাঘুয়া গ্রামের নদে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা লাশটি বায়েজিদের বলে শনাক্ত করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়েছিল বায়েজিদ। এরপর আর বাড়িতে ফেরেনি সে।
স্থানীয়রা জানান, ওই দিন দুপুর ১টার দিকে চরবাঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে দেখা গিয়েছিল শিশুটিকে। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছিল না।
বায়েজিদের সন্ধানে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহত শিশুটির চাচা মাহফুজুর রহমান জানান, শনিবার সকালে ব্রহ্মপুত্র নদে একটি শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তারা সেখানে গিয়ে লাশটি বায়েজিদের বলে শনাক্ত করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









