সামাজিক যোগাযোগমাধ্যমে বাইকে দুই যুবকের মাঝে এক অচেতন তরুণীকে পরিবহনের ভাইরাল ভিডিও এবং তা ঘিরে সৃষ্ট নানামুখী ধোঁয়াশা ও গুজবের অবসান ঘটিয়েছেন আলোচিত সেই তরুণী।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় সশরীরে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
সাক্ষাৎকারে ওই তরুণী জানান, কেউ তাকে জোরপূর্বক বা অচেতন করেননি। পারিবারিক অশান্তি ও মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে তিনি নিজ ইচ্ছাতেই উত্তরার জসিমউদ্দীন এলাকার ‘কিচেন হাউস’ নামের একটি বারে যান এবং অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ বোধ করায় তিনি পরিচিতকে ফোন করে সাহায্য চান, যিনি পরে মোটরসাইকেলে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যান।
পারিবারিক বিষণ্নতা থেকে বারে যান। অভ্যস্ত না থাকায় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মোটরসাইকেল চালক এবং পেছনের অপর ব্যক্তি সেই তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।
তিনি আরও জানান, ঘটনার জন্য কাউকে দায়ী না। এটি তার আবেগের বশে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। বর্তমানে পুলিশি প্রক্রিয়া শেষে তিনি নিজের বাসায় ফিরেছেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘‘টঙ্গী পশ্চিম থানায় ওই তরুনী উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। পরে আইনগত প্রক্রিয়া শেষে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে।
গত ২৬ আগস্ট ভোর রাত ৩ টা ১৫ মিনিটের দিকে আব্দুল্লাহপুর হইতে টঙ্গী ফ্লাইওভার পর্যন্ত দুই যুবকের মাঝখানে সচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক চাঞ্চলের তৈরি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









