প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মাতৃত্বের এই সময়টা কেমন কাটছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই অভিজ্ঞতাই জানিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ভক্ত সামান্থার ওজন বাড়ার বিষয়ে জানতে চান। জবাবে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, ইতোমধ্যে তার ১১ কেজি ওজন বেড়েছে।
আরেক ভক্ত নিজের মাতৃত্বকালীন অভিজ্ঞতা ও মানসিক অবস্থার কথা জানিয়ে সামান্থার কাছে জানতে চান তার মেজাজ কেমন থাকে। উত্তরে অভিনেত্রী জানান, অনেক সময় একটি কথা বলা শুরু করলেও শেষ পর্যন্ত নিজেই বুঝতে পারেন না তিনি আসলে কী বলতে চাইছেন। এ সময় তিনি জানান, সন্তান আসার অপেক্ষা আর যেন সহ্য হচ্ছে না।
নতুন মা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে আরেক অনুরাগী লেখেন, সারা দিন সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো ও কোলে নিয়ে দোলানোর একই কাজ বারবার করতে হচ্ছে। তার উত্তরে সামান্থা মজার ছলে বলেন, শুনে মনে হচ্ছে এটি আসলে ২৪ ঘণ্টার চাকরি।
মাতৃত্বের বর্তমান সময়টি উপভোগ করছেন কি না—এক ভক্তের এমন প্রশ্নের জবাবে সামান্থা বলেন, “মন থেকে পুরোপুরি উপভোগ করছি।”
নিজের অনুভূতির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি ভাবেননি যে পুরো বিষয়টির জন্য নিজেকে এতটা ক্ষমতাশালী মনে হবে। আগে তার ধারণা ছিল, মাতৃত্বের বেশিরভাগ সময় হয়তো প্রচণ্ড চাপের মধ্যে কাটবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি বলেও জানান তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তিনি মা হতে চেয়েছেন।
উল্লেখ্য, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও তার স্বামী রাজ নিদিমোরু তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









