পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির প্রস্তুতি সন্দেহে একাধিক মামলার দুই আসামিকে আটক করেছে স্থানীয় জনগণ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে দুই ডাকাত আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই জন হলো বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, নাদিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপর আটক জাকারিয়া শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, স্থানীয় রেজাউল শেখের বাগানে শুক্রবার রাত থেকে ৬-৭ জনের একটি দল অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে রামনগর এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের ঘেরাও করেন। এ সময় দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে স্থানীয়রা নাজিরপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা অস্ত্রসহ দুইজনকে হেফাজতে নেয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ডাকাতির প্রস্তুতি সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সঙ্গে থাকা অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









