হবিগঞ্জের নবীগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসে অপহরণের শিকার এক কিশোর ও কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের আটকে রেখে নির্যাতন ও পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সহিদ ও রুমিনাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান, টিপু, রাহাত মোড়ল ও ফেরদৌস হাওলাদার।
পুলিশ জানায়, বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার লতুয়াপাড়া থেকে বাচ্চু মিয়ার ছেলে সহিদ ও তার দূরসম্পর্কের আত্মীয় রুমিনা গাড়িতে করে রূপগঞ্জে আসেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গোলাকান্দাইল এলাকায় গাড়ি থেকে নেমে অটোরিকশা খোঁজার সময় ৭-৮ জন তাদের পৃথক দুটি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে গোলাকান্দাইল মধ্যপাড়ায় ফারুক ফকিরের বাড়িতে আটকে রেখে তাদের নির্যাতন করা হয়।
অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা সহিদের বাবা বাচ্চু মিয়ার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিকাশে কিছু টাকা পাঠিয়ে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তাদের নির্যাতন না করার অনুরোধ করেন। পরে পুলিশকে জানালে প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
এ ঘটনায় বাচ্চু মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অপহৃত দুজনকে উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









