ভোলার বোরহানউদ্দিনে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই বাড়ির মো. শাহিনের মেয়ে মোসা. মাহা (৬) ও আব্দুল গনির মেয়ে মোসা. তানহা (৬)। সম্পর্কে তারা আপন ফুফু ও ভাতিজি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পুকুরের ঘাটলায় গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাহার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে তানহাকে খুঁজতে গিয়ে পুকুরে গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দুজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, গোসলের সময় ঘাটলা থেকে পা পিছলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









