সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে চারটি ভারতীয় মহিষ, নিভিয়া লোশন, সিগারেট, কম্বল ও খাসিয়া পান।
শুক্রবার (২৩ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শুক্রবার ভোরে দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কমলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। মহিষগুলোর জব্দমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮৩ পিস ভারতীয় নিভিয়া লোশন, ২২৮ পিস সিগারেট, ২০টি কম্বল ও ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করে।
এসব পণ্যের জব্দমূল্য ৪ লাখ ৪০০ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









