সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দলের ভুলত্রুটি ও দুর্বলতা কাটিয়ে ওঠার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনে দলের যেসব ভুল ও দুর্বলতা চিহ্নিত হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে একই ধরনের ভুল এড়াতে আগের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
গত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান দাবি করেন, জনগণ তাদের ভোট দিলেও সেই ভোট তারা রক্ষা করতে পারেননি। নির্বাচনের ভুলত্রুটি নিয়ে পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগের দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবেন, তা জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাজ পরিবর্তনের বিষয়ে জামায়াত আমির বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সংগঠনের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে দলীয় কাঠামো আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন শফিকুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, বরং এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে হবে। এতে মেয়র ও কাউন্সিলর নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যসংখ্যা বাড়ানোর পাশাপাশি সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন। আস্থাভাজন নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ অ্যাপের উদ্বোধন করেন শফিকুর রহমান। আয়োজকদের দাবি, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।
সম্মেলনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।
নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। তাকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আ. সবুর ফকির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









