কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের কবরস্থানে দাফন করা লাশ দীর্ঘ ৫ মাস পর কবর থেকে তুলে তার দরবারে দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীররাতে পীরের ভক্তরা শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে নিয়ে দাফন করেন বলে জানায় । তবে, বিষয়টি জানাজানি হয়েছে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে।
স্থানীয় সূত্রে জানা যায়, পীর শামীম নিহত পর থেকেই তার ভক্তদের একটি অংশ কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে পীরকে দাফনের পর বেশ কিছুদিন ওই কবরস্থানে পুলিশ পাহারায় ছিল। তবে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ভক্তরা কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে পুনরায় দাফন করেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পীর শামীমের ভাই মো. ফজলুর রহমান সান্টু বলেন, ‘‘রাতের আঁধারে কারা কীভাবে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।’’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘‘পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবরস্থান থেকে কে বা কারা উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করেছে। এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
এমন পরিস্থিতি নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই।’’
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, ‘‘পীরের লাশ কবরস্থান থেকে উত্তোলন করে দরবারে পুনরায় দাফন করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী যে সিদ্ধান্ত হবে, তা জানানো হবে।’’
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে বিক্ষুব্ধ জনতা পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। পরে ময়নাতদন্ত শেষে ১২ এপ্রিল স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনার ৩দিন পর নিহতের বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









