পটুয়াখালীর দশমিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দশমিনা উপজেলা অডিটোরিয়ামে দশমিনা উপজেলা মানব উন্নয়ন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব মো. মশিউর রহমান রাজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন সৈকত ও দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার। এ ছাড়া সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ভার্চুয়ালি বক্তব্য দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন বক্তব্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি মানব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ডায়েরি উপহার দেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









