কিশোরগঞ্জে বাংলাদেশে অবস্থিত কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের সহযোগিতায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ঐতিহাসিক শহিদী মসজিদ চত্ত্বরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান মহাসম্মেলনে এ দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা, তাদের ইসলামি পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ, সংবিধানে আকিদায়ে খতমে নবুয়তের সুরক্ষা নিশ্চিত করা এবং ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় উদ্যোগ গ্রহণ করা অন্যতম।
হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত পরিষদের সহ-সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ। এ সময় ঢাকা ও বৃহত্তর ময়মসিংহের আলেম-উলামাসহ কিশোরগঞ্জ জেলার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
মহাসম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানা ইসলাম বিরোধী। তাই কাদিয়ানিরা মুসলমান হওয়ার প্রশ্নই আসে না বরং তারা অমুসলিম কাফের। কিন্তু আজও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়নি। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইনশৃঙ্খলার অবনতিসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









