যশোরের চৌগাছায় বিসিআইসি অনুমোদিত সার ডিলারদের সারবাহী গাড়ি পথরোধ করে চাঁদা দাবি ও সার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যবসায়ী ও সার ডিলারদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগও করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চৌগাছা বাজারের মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার আতিকুর রহমান সেন্টু।
লিখিত বক্তব্যে আতিকুর রহমান সেন্টু বলেন, প্রায় ৩৫ বছর ধরে চৌগাছা বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন তিনি। সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে তার এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছে। এতে তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ওই চক্রটি রাস্তায় বিসিআইসি অনুমোদিত সার ডিলারদের বৈধ ক্যাশ মেমো এবং সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য পরিবহন করা সারবাহী গাড়ি আটকে মোটা অংকের চাঁদা দাবি করছে। পাশাপাশি সার ছিনতাইয়ের চেষ্টাও করা হচ্ছে।
আতিকুর রহমান সেন্টু দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সার পরিবহনে বিঘ্ন সৃষ্টি হবে এবং চৌগাছা উপজেলায় সার সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তিনি আরও অভিযোগ করেন, চক্রটি বর্তমান নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেও বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে সার সরবরাহ স্বাভাবিক রাখা, সারবাহী গাড়ির নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন আতিকুর রহমান সেন্টু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









