নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তিনি এই কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।
সেখানে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। সেনুয়া কবরস্থানে গিয়ে তিনি তাঁর বাবা-মায়ের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন। এ সময় তাঁর পরিবারের সদস্য, নিকটাত্মীয়, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি সফর উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। সফরসূচি অনুযায়ী, শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। এরপর সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরবর্তীতে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুরে হেলিকাপ্টারে করে তাঁর বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









