ভোলার তজুমদ্দনে পাচার সন্দেহে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়। তবে সারগুলোর বৈধ ক্যাশমেমো রয়েছে এবং তা খুচরা বিক্রেতাদের কেনা সার বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিসিআইসি ডিলার।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তজুমুদ্দিন কোস্ট গার্ড স্টেশন কর্তৃক চরমোজাম্মেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার সন্দেহে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলারটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও ট্রলারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি দাবি করে বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, গত ৪ সেপ্টেম্বর চরমোজাম্মেলের কয়েকজন স্থানীয় ব্যবসায়ীর কাছে ক্যাশমেমোর মাধ্যমে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়। ব্যবসায়ীরা যাতায়াত ও পরিবহনের সুবিধার্থে একটি ট্রলারে করে সারগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে কোস্ট গার্ডের হঠাৎ অভিযানে শ্রমিকরা ভয় পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. ইব্রাহিম জানান, উপজেলায় মেসার্স মোশাররফ হোসেনসহ পাঁচজন অনুমোদিত বিসিআইসি ডিলার রয়েছেন। চরের ১০-১২ জন খুচরা বিক্রেতা ক্যাশমেমোর মাধ্যমে উক্ত ডিলারের কাছ থেকে সারগুলো সংগ্রহ করে এক বোটে পরিবহন করছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী অফিসারসহ মনিটরিং ব্যবস্থা অব্যাহত রয়েছে; তদন্তে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









