শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি মালামাল রাখার ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। আগুনে একটি হার্ডওয়্যার দোকান, একটি খাবার হোটেল, একটি চায়ের দোকান ও একটি মালামাল রাখার ঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিলাসপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের চায়ের দোকান ও খাবার হোটেলে জ্বালানি হিসেবে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের আরও দোকানে আগুন ছড়িয়ে পড়া থেকে বাজারটি রক্ষা পায়।
প্রত্যক্ষদর্শী আলী আহাম্মদ খান বলেন, ‘হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়েছিল। আমরা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় কাছে গিয়ে পানি দেওয়া সম্ভব হচ্ছিল না।’
ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার দোকানের মালিক মান্নান মাদবর বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। আমার আর কিছু নেই। এই ক্ষতি কীভাবে পোষাব, বুঝতে পারছি না।’
আরেক প্রত্যক্ষদর্শী তামিম ফকির বলেন, ‘আমি নড়িয়ার দিকে যাচ্ছিলাম। এ সময় আগুন দেখতে পাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করি। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারটি রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস সময়মতো না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।’
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









