বরিশালের গৌরনদীতে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ইজিবাইকের চাপায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামে অপর এক মুসল্লি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার একই এলাকার আব্দুল হামিদ সরদারের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ভোরে দক্ষিণ বিজয়পুর জামে মসজিদে জামায়াত শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ফারুক সরদার ও রুস্তম মীর। এ সময় হঠাৎ পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ইজিবাইক তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে দুজনই মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ইজিবাইকটি নিয়ে চালক চম্পট দিয়েছে। যানটি শনাক্ত করে চালককে শনাক্তকরণের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









