কুমিল্লার চৌদ্দগ্রামে নারী যাত্রীকে যৌন হয়রানি ও অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই সিএনজি চালককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তার মাথা মুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথা এলাকায় তাকে শনাক্ত করে আটক করেন স্থানীয়রা।
আটক চালকের নাম ফারুক হোসেন (৪২)। তিনি ফেনী জেলার দাগনভূঞা থানার নারায়ণপুর গ্রামের আলী আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম আসার পথে এক সিএনজি চালক তাকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং বিশেষাজ্ঞ প্রদর্শন করে উত্যক্ত করেন। ওই চালক এর আগেও তাকে একইভাবে হয়রানি করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
ঘটনার দিন কৌশলে চালকের এমন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেন ওই নারী। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিও ও ছবি দেখে শনিবার দুপুর ১২টার দিকে গাংরা এলাকায় চালককে শনাক্ত করেন স্থানীয়রা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গুলজার আলম জানান, ‘‘আটক সিএনজি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








