কুষ্টিয়ায় ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এস আর খান। বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও ড্যাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডা. নাসিমুল বারী বাপ্পী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টগর।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে নীরব মহামারি হিসেবে ছড়িয়ে পড়ছে। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। এ সময় বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








