মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য ধরে রেখেছে দক্ষিণী সুপারস্টার সূরিয়ার নতুন সিনেমা ‘সিন’। মুক্তির আট দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১১ কোটি ২০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হচ্ছে অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে (১৩ নভেম্বর) ভারতে সিনেমাটি আয় করেছে ৬ কোটি রুপি (নেট)। এদিন মোট ৪ হাজার ৪৯টি প্রদর্শনী হয়েছে। আগের দিনের তুলনায় আয় কমেছে মাত্র ৪ শতাংশ।
মুক্তির আট দিনে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭০ লাখ রুপি। দেশটিতে মোট গ্রস আয় ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭৪ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ২১১ কোটি ২০ লাখ রুপি।
সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। আট দিনে তামিল সংস্করণ থেকে ভারতে আয় হয়েছে ৯৫ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে, তেলুগু সংস্করণ থেকে এসেছে ২২ কোটি ১০ লাখ রুপি।
অষ্টম দিনে তামিল সংস্করণ থেকে আয় হয়েছে ৪ কোটি ৪০ লাখ রুপি এবং তেলুগু সংস্করণ থেকে ১ কোটি ৬০ লাখ রুপি।
গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিন’। প্রথম দিন থেকেই সিনেমাটি দর্শকদের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়। মুক্তির প্রথম তিন দিনে আয় বাড়তে থাকে এবং প্রথম সপ্তাহের শেষদিকে কিছুটা কমলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতে ব্যবসায় স্থিতিশীলতা ধরে রেখেছে।
সিনেমাটিতে একজন অন্ধ ডিএসপি ইমবারাজের চরিত্রে অভিনয় করেছেন সূরিয়া। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাজরিয়া নাজিম ও নাসলেন। সিনেমাটি পরিচালনা করেছেন জিথু মাধবন। এর আগে মালয়ালম সিনেমা ‘রোমাঞ্চম’ ও ‘আবেশাম’ পরিচালনা করে পরিচিতি পান তিনি। ‘সিন’ তার তামিল সিনেমায় পরিচালনায় অভিষেক।
সিনেমাটির গল্পে দেখা যায়, অতীতে সমাধান করা একটি হত্যাকাণ্ডের সঙ্গে মিল পাওয়া নতুন একটি ঘটনার তদন্তে জড়িয়ে পড়েন পুলিশ কর্মকর্তা ইমবারাজ। এরপর রহস্য, অ্যাকশন ও হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।
এদিকে দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে সিনেমাটির আয় আরও বাড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ২০ নভেম্বর ধানুশ ও মাম্মুটির ‘ওএম: চ্যাপ্টার ১’ মুক্তির আগে ‘সিন’ বড় ধরনের প্রতিযোগিতা ছাড়াই প্রেক্ষাগৃহে চলার সুযোগ পাচ্ছে।
দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করায় সূরিয়ার চলতি বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে জায়গা করে নিচ্ছে ‘সিন’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








