বিশেষজ্ঞনির্ভর এই সময়ে তথ্যের অভাব নেই। বরং তথ্যের পাহাড় জমছে প্রতিনিয়ত। কিন্তু এত তথ্যের ভিড়েও বাড়ছে না জ্ঞান। তাই প্রয়োজন এমন মানুষের, যারা একাধিক বিষয়ে ভালো ধারণা রাখেন এবং সেগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে বের করতে পারেন। বিশেষজ্ঞের পাশাপাশি এখন প্রয়োজন বিনয়ী ও বহুমুখী জ্ঞানসম্পন্ন মানুষের।
রাজনৈতিক আলোচনায় প্রায়ই শোনা যায়, ‘আমি আইনজীবী নই, তবে...’ কিংবা ‘আমি অর্থনীতিবিদ নই, তবে...’। কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে নিজের বিশেষজ্ঞ না হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার প্রবণতা এখন বেশ পরিচিত। এর কারণও আছে। পৃথিবীকে বোঝার উপায় যত উন্নত হচ্ছে, বাস্তবতাকে তত জটিল মনে হচ্ছে। রাজনীতি থেকে অর্থনীতি, বিজ্ঞান থেকে আইন—প্রতিটি ক্ষেত্রেই তৈরি হয়েছে বিশেষজ্ঞনির্ভরতা।
বিজ্ঞানের জগতে এই প্রবণতা আরও স্পষ্ট। কোনো বিজ্ঞানী হয়তো সারা জীবন ব্যয় করছেন একটি অতিপারমাণবিক কণার ঘূর্ণন কিংবা মস্তিষ্কের সামান্য একটি অংশের কার্যক্রম বোঝার গবেষণায়। নির্ভুল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য এমন বিশেষায়িত গবেষণা অপরিহার্য। কারণ একটি নির্ভরযোগ্য তথ্যই বড় কোনো তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারে।

কিন্তু তথ্য আর জ্ঞান এক বিষয় নয়। গ্রহের গতিবিধি পৃথিবীকে কেন্দ্র ধরে যেমন ব্যাখ্যা করা যায়, তেমনি সূর্যকে কেন্দ্র করেও করা যায়। কোপার্নিকাসের বিপ্লব নতুন তথ্য আবিষ্কারের কারণে ঘটেনি; ঘটেছিল দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায়। অর্থাৎ নতুন তথ্য ছাড়াও পুরোনো তথ্যকে নতুনভাবে বুঝে জ্ঞান বাড়ানো সম্ভব।
এ কারণেই শুধু বিশেষজ্ঞ নয়, প্রয়োজন এমন সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষের, যারা কয়েকটি বিষয়ে গভীরভাবে জানেন এবং সেগুলোর মধ্যে সম্পর্ক খুঁজতে পারেন। গণিতবিদ অঁরি পয়েনকারের মতো গবেষকেরা বিভিন্ন শাখার জ্ঞান একত্র করে গুরুত্বপূর্ণ আবিষ্কারের পথ তৈরি করেছেন।
বিজ্ঞানের বড় অগ্রগতিও এসেছে বিভিন্ন বিষয়কে এক সূত্রে মেলানোর মাধ্যমে। গ্রহের গতি, চাঁদের কলা এবং আপেলের মাটিতে পড়ে যাওয়ার পেছনে একই মহাকর্ষীয় শক্তির ভূমিকা রয়েছে। বিদ্যুৎ ও চৌম্বকত্বও একই প্রাকৃতিক ঘটনার দুটি প্রকাশ।
তাই ‘আমি আইনজীবী নই, তবে’ বলে মতামত দেওয়ার চেয়ে আইন ও রাষ্ট্রবিজ্ঞান—দুই বিষয়েই ভালো ধারণা অর্জন করা বেশি জরুরি। নাগরিকেরা বিশ্লেষকদের কাছে শুধু তথ্য চান না; চান পৃথিবীকে বুঝে সেই ব্যাখ্যা সহজভাবে তুলে ধরার ক্ষমতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









